জি কে শামীমসহ আটজনের ১২ বছর সাজা চায় রাষ্ট্রপক্ষ

গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম
ফাইল ছবি

মানি লন্ডারিং মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমসহ আটজনের ১২ বছরের সাজা  চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। ১৫ মার্চ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. নজরুল ইসলাম আজ সোমবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুব আলম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় ২৩ জন সাক্ষীকে আদালতে হাজির করেছে। রাষ্ট্রপক্ষ মনে করে, তারা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।

মানি লন্ডারিং মামলায় ২০২০ সালের ১০ নভেম্বর আদালত আসামি জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর সাত আসামি হলেন শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। আট আসামিই কারাগারে।
২০২০ সালের ৮ আগস্ট এ মামলায় শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামীমের। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। শামীম তাঁর অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব সম্পদ অর্জন করেছেন।

মামলার তদন্তভার পাওয়া সিআইডির কর্মকর্তা আবু সাঈদ বলেন, জি কে শামীমের স্থায়ী আমানত ৩৩৬ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৪০৬ টাকার ওপর আদালতের স্থিতাদেশ রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার ও ৭৫২ সিঙ্গাপুরি মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ তাঁর ৫১ দশমিক ৮৩ কাঠা স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। এগুলোর দলিলমূল্য ৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২০০ টাকা।

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গত বছরের ২৫ সেপ্টেম্বর শামীম ও তাঁর সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।