সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: নুরুল হক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ
ছবি: প্রথম আলো

বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। আজ রোববার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে দুপুরে রাজধানীর নয়া পল্টন, নাইটিঙ্গেল মোড় ও বিজয়নগর এলাকায় মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। মিছিল শেষে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে নুরুল হক বলেন, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ অবরোধ চলছে। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত জনগণের গণতান্ত্রিক আন্দোলন চলছে, চলবে।

আওয়ামী লীগ সহিংস ভাষায় কথা বলছে অভিযোগ করে অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান নুরুল হক।

সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘গতকাল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চেয়েছেন। সরকারি কাজ করতে গিয়ে দলীয় নেতা হিসেবে ভোট চাওয়া যায় না। ফলে এই দলীয় সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না।’

গণ অধিকার পরিষদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ।