ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বিক্ষোভ করেছে খেলাফত মজলিস
ছবি: আশরাফুল আলম

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী দল খেলাফত মজলিস। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ থেকে দলটির নেতারা তাঁদের দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তিও দাবি করেছেন।
খেলাফত মজলিস জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে। সমাবেশ শেষে দলটির নেতা–কর্মীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি বলেন, ইহুদিরা ফিলিস্তিনে নিরপরাধ মুসলমানদের ওপর ঘৃণ্য হামলা চালাচ্ছে। তারা প্রতিদিন শত শত শিশু, নারী, বৃদ্ধসহ নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করছে। অথচ বিশ্বের মানবাধিকারের ধ্বজাধারীরা নীরবে ইসরাইলের এই গণহত্যা দেখে যাচ্ছে। তিনি জাতিসংঘসহ বিশ্বশক্তিকে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করতে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

একই সঙ্গে খেলাফত মজলিসের এই নেতা তোফাজ্জল হোসাইন কারাগারে থাকা মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করে বলেন, ‘তিন বছরের বেশি সময় ধরে মিথ্যা অভিযোগে তাঁকে কারাগারে বন্দী রাখা হয়েছে। তাঁকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের অবস্থান তুলে ধরে তোফাজ্জল হোসাইন বলেন, দেশের মানুষ আর বিনা ভোটের নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সরকারকে  তত্ত্বাবধায়ক বা কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনার রশীদ, নির্বাহী সদস্য হেদায়েতুল্লাহ হাদী, পল্টন থানা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, মাওলানা সানাউল্লাহ আমিনী, মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক আবু হানিফ নোমান। সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাংস্কৃতিক সম্পাদক মুফতি সুলতান আহমেদ।

সভাপতিত্ব করেন পল্টন থানা শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী।  সমাবেশের পর বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।