
সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে কয়েক মাসব্যাপী কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ ও বিভাগীয় শহরগুলোয় সমাবেশ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।
এর আগে বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর আগামী ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। সবশেষে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করা হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলের বৈঠকে বিভাগীয় সমাবেশের কর্মসূচির পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে।
১১–দলীয় ঐক্যের কর্মসূচির বাইরে দলগুলো দলীয় ব্যানারে মতবিনিময়, সেমিনার, বিক্ষোভ, সমাবেশসহ আলাদা কর্মসূচি পালন করবে বলে জানান হামিদুর রহমান আযাদ।
শিক্ষাঙ্গনে নৈরাজ্য, সন্ত্রাস ও দখলের অশুভ পরিকল্পনা হচ্ছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের ৫ আগস্টের আগেই ক্যাম্পাসগুলো মুক্ত করেছিল। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারের এজেন্সিসহ বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে। এই অশুভ পাঁয়তারা রুখে দিতে হলে ছাত্রসমাজকে সচেতন ও সজাগ করতে হবে। সে জন্য ১১ দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়নে মাঠের আন্দোলন চলমান থাকবে। সামনের দিনে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের কণ্ঠ ও রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান হবে। এ আন্দোলনে দেশবাসীর সমর্থন, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।