
পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে জড়ো হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ ৮ দলের নেতা কর্মীরা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।
সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কোনো যানবাহন পল্টন মোড়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা। ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হচ্ছেন পল্টনে।
সমাবেশে যেসব দল অংশ নিচ্ছে সেগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।