
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাদানুবাদ হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে।
আজ দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমেই ছিল প্রশ্নোত্তর পর্ব। তবে পবিত্র কোরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।
তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’
জবাবে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
তখন স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো…স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’
এর জবাবে স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন...’
তখন নাহিদ বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’
জবাবে স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’
এরপর নাহিদ ইসলাম তাঁর বক্তব্য শুরু করেন।