
গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাব তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেছেন সাংবাদিক নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে মন্ত্রীর হাতে এই প্রস্তাব তুলে দেওয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার।
মন্ত্রণালয় প্রস্তাবটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাবে। এ সময় সংবাদপত্রের প্রচার সংখ্যা বাস্তবতার নিরিখে নির্ধারণ, সাংবাদিকদের তথ্য অধিদপ্তরের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে যথার্থতা বিচার এবং প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা। দাবিগুলো দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাছান মাহমুদ।