ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সালমা ইসলাম
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সালমা ইসলাম

ঢাকা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালমা ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

সালমা ইসলাম ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আবদুল মান্নান খানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরেরবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও হেরে যান। বর্তমানে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।

২৮ নভেম্বর ঢাকার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সালমা ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এমরানুল কবির সুমন।

মনোনয়ন জমা দিয়ে গণমাধ্যমকর্মীদের সালমা ইসলাম বলেন, ‘নবাবগঞ্জ-দোহার এলাকায় আমি অনেক উন্নয়নকাজ করেছি। স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করেছি, অবকাঠামোর উন্নয়ন করেছি। নবাবগঞ্জে একটা পাইলট স্কুল আছে, সেটা করে দিয়েছি। নদীর ভাঙন প্রতিরোধ করার জন্য ২০০ কোটি টাকা আমি সরকার থেকে পাস করিয়ে এনেছি, যার কাজ এখনো চলছে। এলাকায় অনেক ঘরে বিদ্যুৎ ছিল না, আমি শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছি।’

নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে সালমা ইসলাম বলেন, ‘আমার প্রতিপক্ষ যে-ই হোক, সুষ্ঠু নির্বাচন হলে আমিই জয়ী হব। নবাবগঞ্জ-দোহারের জনগণ আমার জয়ের অপেক্ষায় আছে।’