জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত একটি বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত একটি বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বিএনপির উপকার করেছিলেন বলে খলিলুর রহমান মন্ত্রিসভায়: মিয়া গোলাম পরওয়ার

অন্তর্বর্তী সরকারে থেকে বিএনপির উপকার করেছেন বলেই বর্তমান সরকারে জায়গা পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান—এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হওয়ার অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার আরও বলেছেন, ‘জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।’

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত একটি বিক্ষোভ–পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে’ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।

খলিলুর রহমানকে উদ্দেশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনাকে (খলিলুর রহমান) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য যাঁরা দাবি করেছেন, তাঁদেরই সরকারে আপনি যোগ দিলেন। শুধু ইচ্ছা করে যোগ দেন নাই, নিশ্চয়ই সরকারের যাঁরা আছেন, ডিপ স্টেটে যাঁরা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যাঁরা পলিসি মেকিং করেন, তাঁরাই পছন্দ করে আপনাকে পিকআপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসলেন।’ অন্তর্বর্তী সরকারে থেকে বিএনপির উপকার করেছেন বলে সরকারে তিনি জায়গা পেয়েছেন বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উদ্দেশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 'ওই সময় আপনি (খলিলুর রহমান) চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রী।’ অরাজনৈতিক সরকার থেকে পরবর্তী সরকারের সময়ে দায়িত্ব নেওয়াকে ‘রেওয়াজের’ পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা ও গণনার বিভিন্ন ধাপে অনিয়মের মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়েছে।

আজকের সমাবেশে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

জামায়াত দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চায় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের অভ্যন্তরে হোক, সাবেক উপদেষ্টাদের মধ্যে হোক, যাঁরা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত থেকেছেন, যাঁরা বিশেষ করে একটি দলকে ক্ষমতায় আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, বুকে হাত দিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন আপনি বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন।’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে বিরোধী দলকে ‘মেইনস্ট্রিমে আসতে দেওয়া হয়নি’—এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে তাঁর বিচার বিভাগীয় তদন্তের দাবি করছে মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ধরনের বক্তব্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

নির্বাচন নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত শুরু আহ্বান জানান জামায়াতের এই নেতা। মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচিত সরকার হওয়ার পরও স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বা দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।