গণতন্ত্রের পক্ষে মানবঢাল কর্মসূচি থেকে ‘একতরফা’ নির্বাচন বন্ধের দাবি জানান এবি পার্টির নেতারা। ঢাকা, ৩০ নভেম্বর
গণতন্ত্রের পক্ষে মানবঢাল কর্মসূচি থেকে ‘একতরফা’ নির্বাচন বন্ধের দাবি জানান এবি পার্টির নেতারা। ঢাকা, ৩০ নভেম্বর

জনগণকে নিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করা হবে: এবি পার্টি

নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে এবি পার্টির নেতারা বলেছেন, সরকার বলেছে তারা সংবিধান রক্ষার জন্য নির্বাচন করছে। কিন্তু প্রকৃতপক্ষে সংবিধান রক্ষা নয়, এই নির্বাচনের ভেতর দিয়ে সংবিধানকে পদদলিত করছে তারা। তাই সারা দেশে মানবপ্রাচীর গড়ে তুলে সরকারকে বিচ্ছিন্ন করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। বিএনপিসহ বিরোধী দলের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ‘গণতন্ত্রের পক্ষে মানবঢাল’ নামের এই কর্মসূচি আয়োজন করে দলটি।

বিকেল চারটার দিকে এবি পার্টির নেতা-কর্মীরা একতরফা নির্বাচন বাতিল, দুর্নীতি, গ্রেপ্তার-জুলুম বন্ধ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে বিজয়নগরে সড়কের পাশে দাঁড়িয়ে যান। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর বক্তব্য দেন দলটির নেতারা।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। তিনি বলেন, সরকার তাদের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ডামি প্রার্থী দাঁড় করিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের একটি প্রহসন বাস্তবায়নের চেষ্টা করছে। সারা দেশের মানুষকে নিয়ে এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করা হবে। প্রয়োজনে জনগণকে নিয়ে সারা দেশে মানবপ্রাচীর গড়ে তোলা হবে।

প্রতিবাদী আয়োজনে আরও বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানসহ অনেকে।

বক্তারা আগামী ৭ জানুয়ারি ঘোষিত নির্বাচন বন্ধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, এই নির্বাচন প্রতিহত করা না গেলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। জনগণের মৌলিক অধিকার বলে কিছু থাকবে না। অন্যদিকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনীতি নিষেধাজ্ঞার কবলে পড়ে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। গণতন্ত্রকামী জনগণ এই অবস্থা হতে দিতে পারে না।