
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তি দাবি করেছে গণফোরাম। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের নিন্দা জানিয়েছে দলটি।
আজ রোববার গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার গণফোরাম কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়, সরকার ও পুলিশ বাহিনীর আচরণ, সভা-সমাবেশে বাধা প্রদান স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।
মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাসসহ বিরোধী নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে গণফোরাম বলেছে, সরকারের এ আচরণের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঢাকায় বিএনপির গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে বিতর্ক-উত্তাপের মধ্যে গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাঁদের বাসা থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পরে দুই নেতাকে নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তাঁদের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আগামীকাল সোমবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।