
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে প্রথম সরকারের ছত্রচ্ছায়ায় গঠিত দল বা কিংস পার্টি হচ্ছে বিএনপি। কারণ, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সরকার গঠন করেছিলেন, তারপর সরকারের ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছিলেন এবং সেই উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলেন।
হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। রাজনীতিতে নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নাগরিক সমাজ সময়–সময় যেসব কথাবার্তা বলে, সেগুলো আমরা গুরুত্বসহকারে দেখি। কিন্তু আজ দেশজুড়ে এক মাসের বেশি সময় ধরে যে অগ্নিসন্ত্রাস করা হচ্ছে, অনেক মানুষ এই অগ্নিসন্ত্রাসের বলি হয়েছে, আগুনে ঝলসে গেছে, গতকালও সারা দেশে ১০টি গাড়ি পোড়ানো হয়েছে। এগুলো তখনই বন্ধ হবে, যখন সারা দেশের মানুষ আওয়াজ তুলবে। সেই আওয়াজটা সচেতন নাগরিক, সাংবাদিক সমাজ এবং নাগরিক সমাজের পক্ষ থেকে আসা প্রয়োজন। কিন্তু নাগরিক সমাজের কোনো বিবৃতি নেই, কোনো বক্তব্য নেই। এটি খুবই দুঃখজনক।’
‘আওয়ামী লীগ দল ভাগানোর রাজনীতি করছে’—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এই মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আসলে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত নেতারা বিএনপি থেকে পালিয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন, এই দলটা কেন করেন, যে দল আপনাদের সংসদ নির্বাচন, উপজেলা বা জেলা পরিষদ নির্বাচন তো দূরের কথা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচনও করতে দেয় না।’ তিনি বলেন, ‘একসময় রিজভী সাহেবরা দেখবেন ওনারা কয়েকজন ছাড়া আর কেউ নেই, ছোট হয়ে আসছে পৃথিবী। কারণ, বিএনপির এই অপরাজনীতির সঙ্গে বিএনপির নেতারাই একমত নয়।’
বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, একটি দল নির্বাচনে না এলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন তো সংবিধানে লেখা নেই, পৃথিবীর কোনো আইনেও লেখা নেই। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে, যেখানে বহু দল অংশ নেয়নি। যেমন সত্তরের নির্বাচনেও অনেক বড় নেতার নেতৃত্বাধীন দল অংশগ্রহণ করেনি। কিন্তু মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে হাঙ্গেরির নির্বাচনে একটি বড় দল অংশ নেয়নি, ইউরোপের আরও কয়েকটি দেশে এ রকম হয়েছে। কিন্তু সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। এখন গ্রামগঞ্জে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। সুতরাং দেখতে পারবেন আগামী ৭ জানুয়ারির নির্বাচনেও জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে।’