
পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগের এক মামলায় চট্টগ্রামের বাঁশখালী বিএনপির ১৪ কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এ আদেশ দেন।
এই ১৪ কর্মী হলেন জামাল হোসেন, টিংকু দে, মো. রিফাত, মাইনুদ্দিন, ফোরকান, জসিম উদ্দিন, মো. আনসার, মো. আফসার, দেলোয়ার হোসেন, মো. দিদার, মো. আনোয়ার, ইফতেখার হোসেন, রিদুয়ান হোসেন ও মো. তমির।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিরা উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগুরী এলাকায় গত ২৬ আগস্ট জ্বালানি তেল, পরিবহনের ভাড়াসহ দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
পুলিশ এতে বাধা দেয়। নেতা-কর্মীরা তা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ লাঠিপেটা করে। একপর্যায়ে নেতা-কর্মীরা ইটপাটকেল ছোড়েন, ঘটানো হয় ককটেলের বিস্ফোরণ।
ওই হামলায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শকসহ (তদন্ত) ১১ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বাঁশখালী থানায় সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (মারা যাওয়ায় অব্যাহতি), দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খান, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি লোকমান, সাতকানিয়া ও আনোয়ারা বিএনপির আহ্বায়ক, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫৬ জনকে আসামি করে মামলা করা হয়।