স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রিমান্ডে, ১০৬ জনের জামিন নামঞ্জুর

আজিজুর রহমান
ছবি: সংগৃহীত

পল্টন থানার মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন।

উল্লেখ্য, গত সোমবার আজিজুরের স্ত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করেছিল, ৮ ডিসেম্বর আজিজুরকে উত্তরার একটি হাসপাতাল থেকে তেঁজগাও থানার পুলিশ তুলে নিয়ে গেছে।  তবে পুলিশ বলেছিল, আজিজুরকে তারা আটক বা গ্রেপ্তার করেনি।

আজ আজিজুরকে রিমান্ডে নেওয়ার অনুমতির পাশাপাশি একই আদালত পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির ১০৬ নেতা–কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

এর আগে গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির ২২৪ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়

৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। তবে নাম উল্লেখ করা বিএনপির নেতাদের মধ্যে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ছিলেন না।

‘ওপরের নির্দেশে’ ওই দুই নেতার বাসায় ৮ ডিসেম্বর (গত বৃহস্পতিবার গভীর রাতে) পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।

৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের চার মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৮৮ জনকে। তাঁদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। আর দুজনকে (আমানউল্লাহ ও আবদুল কাদের) জামিন দেন আদালত। কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন রুহুল কবির রিজভী, আবদুস সালাম, খায়রুল কবির, শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।

নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়

বিএনপি বলে আসছে, ১০ ডিসেম্বর ঢাকায় তাদের গণসমাবেশের যে কর্মসূচি ছিল, মূলত সেটি বানচাল করার উদ্দেশ্যেই পুলিশ ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কার্যালয়ে অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে।