নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নির্বাচন ভবনে তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ২২ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নির্বাচন ভবনে তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ২২ ফেব্রুয়ারি

বগুড়া ও শেরপুরে নির্বাচন পয়লা বৈশাখের আগে

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়ে জাতীয় সংসদ কীভাবে আইন অনুমোদন করে, তার অপেক্ষায় আছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই করবে ইসি।

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নির্বাচন ভবনে তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মেয়র ও চেয়ারম্যান পদে এত দিন দলীয় প্রতীকে নির্বাচন হতো। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করার সুপারিশ করেছিল। সে অনুযায়ী, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইনে সংশোধনী এনেছিল। সংবিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে অধ্যাদেশ সংসদে তুলতে হবে। নির্দিষ্ট সময়ে এটি অনুমোদন করা না হলে কার্যকরতা লোপ পাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, তাঁর জানা মতে, অধ্যাদেশের মাধ্যমে মেয়রপ্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এটি অনুমোদিত হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। নির্বাচন কমিশন মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।

পয়লা বৈশাখের আগেই নির্বাচন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ এখন শূন্য। সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আর ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সে আসনেও নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, এ দুটি আসনে ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখের আগেই নির্বাচন হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিলের বিষয়ে আবদুর রহমানেল মাছউদ বলেন, এই নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে।