বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সিপিবির ক্ষোভ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা শ্রেয়। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন এই দাবি জানান।

বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম এবং খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান সিপিবির নেতারা।

এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানায় দলটি।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ অতীতের যেকোনো সময়ের চেয়ে মারাত্মক রূপ নিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের মধ্যে এখনো ২ হাজার ৩৮টি শিশুর সন্ধান মেলেনি। গড়ে প্রতিদিন ১০টির বেশি শিশু নিখোঁজ হচ্ছে। এসব শিশুকে হত্যা, বিদেশে পাচার কিংবা ভিক্ষাবৃত্তির মতো কাজে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

সিপিবির নেতারা বলেন, এসব ঘটনাই প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভেঙে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কাজে পূর্ণ মনোযোগ দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটানোর আহ্বান জানিয়ে সিপিবি বলেছে, ব্যর্থ হলে তাঁর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।