বহুদিন পরে একটা সুখবর বয়ে নিয়ে এনেছেন তাঁরা: মির্জা ফখরুল

দেশে ফেরা সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: প্রথম আলো

দেশে ফেরা সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বহুদিন পরে আমাদের দেশের জন্য একটা সুখবর তাঁরা বয়ে নিয়ে এসেছেন। একটা অসাধারণ সম্মান আমাদের জন্য বয়ে এনেছেন। সে জন্য নারী ফুটবল দলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানাচ্ছি।’

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম নারী ফুটবল দলকে এ অভিনন্দন জানান।

এ সময় দারিদ্র্যকে জয় করে দেশের জন্য সম্মান বয়ে আনা ফুটবলার স্বপ্নার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে স্বপ্নার (সিরাত জাহান) মায়ের যে কথা শুনেছি, তাতে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা যে কথাগুলো বলি, তাঁর কথায় সে চিত্রই বেরিয়ে এসেছে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তাঁকে যখন টেলিভিশন থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনার মেয়ে ফুটবল খেলছে। আপনি তার জন্য ভালো কী খাবারদাবারের ব্যবস্থা করেন, ডিম-দুধ খেতে দেন? উনি বলছেন, ভাতই দিতে পারি না, ডিম-দুধ কোত্থেকে দেব। এটাই হচ্ছে বাস্তবতা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘মেয়েটি উঠে এসেছে একেবারেই দরিদ্র পরিবার থেকে। তার বাবা অসুস্থ, হার্টের রোগী। মাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি কী করেন? তিনি বলেছেন, পরের বাড়িতে কাজ করি। তারপরও দারিদ্র্যকে জয় করে এই মেয়ে যে আজকে এ জায়গায় পৌঁছেছে, এটার জন্য আমরা গর্ববোধ করছি। আমাদের দলের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। টুর্নামেন্টটি খালেদা জিয়া সরকারের সময় শুরু হয়।’