মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ৯ নভেম্বর
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ৯ নভেম্বর

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধসহ সাত দাবি এবি পার্টির

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে নিয়োগ যাচাই এবং ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জটিলতা নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। অথচ বিদেশে যেতে গিয়ে তাঁদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়। প্রবাসীদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

গণভোটে জনগণের রায়ের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে দেওয়া নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই বলে উল্লেখ করেন মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে তারা। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, সবকিছু মানলে গণভোটের রায় মানতে এত অনীহা কেন?

মালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একজন কর্মীর অভিবাসন ব্যয় সরকারি নির্ধারিত খরচের তুলনায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হয়েছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা।
রাজা গোলাম রব্বানী, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক, এবি পার্টি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবি পার্টির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একজন কর্মীর অভিবাসন ব্যয় সরকারি নির্ধারিত খরচের তুলনায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হয়েছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর উদ্যোগে সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেট প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। সব যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এবি পার্টির সাত দফা দাবির মধ্যে রয়েছে মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ; রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ; ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান।

অন্য দাবির মধ্যে আছে ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নেওয়া; বিদেশে প্রতারণা, বকেয়া বেতন, পাসপোর্ট আটকে রাখা ও মানব পাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার প্রমুখ।