
বিএনপি-জামায়াতের কর্মসূচি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ বলে অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ শনিবার এক বিবৃতিতে দলটি এ অভিযোগ করে।
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে প্রধান বিচারপতির বাসভবনসহ সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে ও রাজারবাগ পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন দিয়েছে বলেও অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা এসব ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, বিএনপির মহাসমাবেশ কর্মসূচিতে অংশ নেওয়া সশস্ত্র কর্মীরা পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তাদের জখম ও এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন।
এদিকে বিএনপি-জামায়াতের ‘ষড়যন্ত্র’-এর বিরুদ্ধে অতীতের মতো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জনগণকে সতর্ক থাকার ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।