কূটনীতিকদের সম্মানে এনসিপির ইফতার

রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে: নাহিদ ইসলাম

গুলশানের একটি হোটেলে এনসিপির আয়োজনে ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। ঢাকা, ৬ মার্চ
ছবি: এনসিপির সৌজন্যে

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ইফতারের আয়োজনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির এই ইফতার আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। ইফতারের আগে সবার উদ্দেশে বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কারপ্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল, তা ব্যাহত হচ্ছে। সরকার বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘তা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে।’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

নাহিদ ইসলাম বলেন, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করাই এনসিপির লক্ষ্য। এই বন্দোবস্তের ভিত্তি হবে গণতন্ত্র, জবাবদিহি, অর্থনৈতিক ন্যায়বিচার, জাতীয় মর্যাদা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্য।

গণতন্ত্র, জবাবদিহি, অর্থনৈতিক ন্যায়বিচার, জাতীয় মর্যাদা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘বিশেষভাবে আমরা তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিচ্ছি, যাতে আগামী প্রজন্ম একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখতে পারে।’

এ সময় বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়ে দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ।