নির্বাচন ২০২৬: ফ্যাক্ট চেক

বিএনপির ভোট বর্জনের ভুয়া খবর দিয়ে ফেসবুকে ফটোকার্ড

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচার শেষ হওয়া পর্যন্ত ভুয়া খবরের ছড়াছড়ি ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, ভোট গ্রহণ শুরুর আগের রাতেও তা থেমে ছিল না।

ভোটের আগের দিন বুধবার রাত থেকে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে যে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছে। মূলত রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন ঘিরে এই কার্ড ছড়ানো হয়।

যমুনা টিভির লোগো ও নকশা ব্যবহার করে তৈরি এই ফটোকার্ডে দাবি করা হয়, ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত; জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।’ পোস্টের ক্যাপশনে লেখা ছিল, মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

এটি দেখে অনেকে বিভ্রান্ত হন। আজ সকাল নাগাদ পোস্টটিতে প্রায় ৩ হাজার ২০০টি প্রতিক্রিয়া পড়ে, মন্তব্য জমা হয় প্রায় ১০০টি এবং শেয়ার হয়েছে ৮০ বার।

যাচাই করে দেখা যায়, যমুনা টিভি এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা অন্যান্য প্ল্যাটফর্মেও নির্বাচন বর্জন–সংক্রান্ত এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। আলোচিত দাবির শিরোনাম দিয়ে কি-ওয়ার্ড সার্চ করেও নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে তথ্য মেলেনি।

তবে যাচাইয়ে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে ‘রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি’ শিরোনামে একটি সংবাদ পাওয়া যায়। একই বিষয়ে প্রথম আলো ‘নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

সেখান থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান নির্বাচন বর্জনের কোনো ঘোষণা দেননি। বরং দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকা, পাহারা দেওয়া এবং ফলাফল সংগ্রহ না করা পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান জানান।

ভুয়া ফটোকার্ডটির সূত্র অনুসন্ধান করে দেখা যায়, ‘Dhaka Expose’ নামের একটি ফেসবুক পেজ থেকে এটি ছড়ানো হয়েছে। পেজটি পর্যবেক্ষণে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে একাধিক ভুয়া বা বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচারের প্রমাণ পাওয়া যায়।

এদিকে আজ সকালে বিএনপি নেতাদের ভোট দিতে দেখা গেছে। সকালে ঢাকার গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশা আল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ভোট দেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ—রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।