
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে দেশের শ্রমিক, কৃষক, খেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
সিপিবির গোড়াপত্তনের ইতিহাস তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালের ৬ মার্চ সিপিআইয়ের দ্বিতীয় কংগ্রেসে সদ্য স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করে। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির চতুর্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কার্যক্রম শুরু করে এবং ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে ঘোষণা করা হয়।
পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কমিউনিস্ট কর্মীদের ওপর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর হত্যা, নির্যাতন, জেল-জুলুম-হুলিয়ার খড়্গ নেমে আসে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার হাজার কমিউনিস্টকে দেশত্যাগে বাধ্য করা হয়। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পুলিশ গুলি চালালে সাতজন শহীদ হন। পূর্ব পাকিস্তানের কমিউনিস্টরা তীব্র গণ–আন্দোলন গড়ে তোলেন। তেভাগা, নানকার, টংকসহ বিভিন্ন কৃষক-শ্রমিক আন্দোলনের পাশাপাশি ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করেন। ঐতিহ্যবাহী গণসংগঠনগুলো প্রতিষ্ঠার পেছনে কমিউনিস্ট পার্টির ভূমিকাই মুখ্য।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, ’২৪-এর জুলাই গণ–অভ্যুত্থান, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সিপিবির ভূমিকা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ‘ভাষা আন্দোলনসহ দীর্ঘদিনের গণসংগ্রামে এবং মুক্তিযুদ্ধে সিপিবির ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত সমতাভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াইয়ে অবিচল সংগ্রাম চালিয়েছে কমিউনিস্ট পার্টি।’
সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে পার্টির পতাকা উত্তোলন, আলোচনা সভা, লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।