বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এ বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিতের প্রশ্ন আসতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি নেই। আইনগতভাবে তিনি আর বিদ্যমান নন। সে জন্য তাঁর মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সে ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায়, তাহলে তাঁরাই প্রার্থী হবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, তাঁদের নেত্রী আর নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। ‘গণতন্ত্রের মা’ হিসেবে তিনি খেতাব পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। জানাজায় যাঁরা ঢাকায় আসতে পারেননি, তাঁরাও গায়েবানা জানাজায় শরিক হয়েছেন। সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা—এ কথা প্রতিষ্ঠিত হয়েছে।

গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়া নিজের জীবন, সন্তান, পরিবার—সবকিছুই ত্যাগ করেছেন বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য, এ দেশের মাটির জন্য তাঁর যে টান, যে ভালোবাসা, যে দেশপ্রেম; তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারিয়েছেন, কিন্তু অর্জন করেছেন এমন এক উচ্চতা, যে উচ্চতায় পৃথিবীর বুকে খুব বেশি মানুষের নাম লেখা নেই।

খালেদা জিয়ার অবদানকে পাথেয় করে বিএনপি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা তাঁর (খালেদা জিয়া) সেই ত্যাগ, সেই অবদান, সেই দেশপ্রেমকে পাথেয় করেই সামনে শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব।’