বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ৬ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ৬ জুন ২০২৬

মেট্রোরেলের নিচে, আবাসিক এলাকায় গরুর হাট আ.লীগের সময়েও বসেনি: আসিফ মাহমুদ

এবারের পবিত্র ঈদুল আজহায় রাজধানী ঢাকায় যত্রতত্র পশুর হাট বসানোর কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগের সময়েও কখনো এ রকম হয়নি। মেট্রোরেলের নিচে, আবাসিক এলাকায় বাজার বা গরুর হাট দেওয়ার কোনো চর্চা ছিল না।

যত্রতত্র হাট বসানোর সঙ্গে ক্ষমতাসীন দল বিএনপির নেতা-কর্মীদের সম্পৃক্ততার প্রতি ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, তাদের (ইজারা) দেওয়া হয়নি; কিন্তু তাদের ওয়ার্ড কমিটি, থানা কমিটি হাট বসিয়ে জঘন্য অবস্থা করে রেখেছে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মুখপাত্র এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এনসিপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা আয়োজনের উদ্বোধন করেন তিনি।

পরিবেশের চ্যালেঞ্জ আরও খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমান সরকারের মধ্যে এটা (যত্রতত্র হাট বসানো) নিয়ে মাথাব্যথা আমরা দেখিনি। পরিবেশ মন্ত্রণালয়ের এখন একজন করপোরেট ব্যবসায়ী আছেন।’

ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপি সরকারের নিয়োগ করা প্রশাসকদের সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, ‘দূষণের ইনডেক্সে ঢাকা শহর সব সময় পেছন থেকে প্রথম বা দ্বিতীয় থাকে। এই শহরে চলাচলের কারণে ধীরে ধীরে আমাদের শারীরিক-মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেটার জন্য দীর্ঘমেয়াদে ভুক্তভোগী হতে হচ্ছে। এটার দিকে বিশেষ নজর প্রয়োজন।’

দুই প্রশাসকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এনসিপির এই নেতা বলেন, ‘আপনি তো ভাই এখন বসে আছেন; আপনাকে ভোট দিলে করবেন, এখন করতে কী দোষ? এখন কি কেউ আপনাকে হাত-পা ধরে রেখেছে যে এখন কিছু করেন না? নির্বাচন কবে হবে আমরা জানি না; আর এটা তো একটা চলমান প্রক্রিয়া।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।