নিজের ভোট দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘কৃত্রিম সংকট’ তৈরি না হলে ফল যা–ই হোক তিনি মেনে নেবেন।
ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হক আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘যদি বড় রকমের সমস্যা সামনে না আসে, কৃত্রিম কোনো সংকট তৈরি না করা হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং জনগণ যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাভাবিকভাবে ফলাফল যেটাই হয়, সেটাই আমরা মানব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আজ সকাল সাড়ে ৭টায় শুরু হয়, তা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে।
ভোট গ্রহণে কোনো জটিলতা দেখেছেন কি না—এমন প্রশ্নে মামুনুল হক বলেন, ‘এখনো আলহামদুলিল্লাহ যতটুকু দেখছি, এখানে পরিবেশে সমস্যা কিছু দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে হচ্ছে—খুব বেশিও নয়, আবার একেবারে নেই, তা–ও নয়। মোটামুটি কিছু মানুষ ভোট দিতে এসেছে। তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। সবকিছু স্বাভাবিক আছে।’
গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও কিছু ঘটনা বিষয়ে জানতে চাইলে এই প্রার্থী বলেন, ‘রাতের শুরুর অংশে আমরা বেশ কিছু জায়গায় কিছু অনিয়মের এবং কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক কিছু আচরণের সংবাদ পেয়েছি। সারারাত আমরা নিজস্বভাবে যাচাই করার সুযোগ পাইনি। আমরা প্রশাসনকে জানিয়েছি। সেই জায়গাগুলো আমাদের কনসার্নের জায়গা। এখন বিস্তারিত সংবাদ নিয়ে বলতে পারব না।’