
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এনসিপির চট্টগ্রাম শাখার নেতা-কর্মীরা জানান, সোমবার বেলা তিনটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আসিফ মাহমুদ। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল পাঁচটায় তিনি ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় যান। সেখানে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সন্ধ্যা ছয়টায় তিনি সংগঠনটির সাবেক আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আমার দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। এটাও একটা উপলক্ষ হুজুরের (হেফাজত আমির) কাছে দোয়া নিতে আসা।’
দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করছি। নির্বাচনের পর অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিভিন্ন প্ল্যাটফর্ম ও দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদেরা আমাদের দলে যোগ দিচ্ছেন।’
সাক্ষাতের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘আর কিছু না বলি।’ এ সময় তাঁর সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
এদিকে এনসিপির চট্টগ্রাম মহানগর সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।