সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় জুবাইদা তাঁর সঙ্গে ছিলেন
সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় জুবাইদা তাঁর সঙ্গে ছিলেন

বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন জুবাইদা রহমান

ঢাকা–১০ আসনের সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। জুবাইদা নিজেই তাঁর বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন জুবাইদা। এরপর তিনি বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ধানমন্ডিতে মায়ের বাসায় যান। সেখান থেকে সিটি কলেজের উদ্দেশে রওনা করেন তাঁরা।

কেন্দ্রে পৌঁছানোর পর জুবাইদা রহমানের মাকে গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে ভোটকক্ষে নিয়ে যাওয়া হয়। জুবাইদা তখন সিটি কলেজের নিচতলায় গাড়িতে বসে অপেক্ষা করেন। এ সময় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দূরত্ব বজায় রেখে ভোটারদের অনেকেই তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত ভোটারদের অনেকে তার সঙ্গে ছবিও তোলেন।

পরে বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট দিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানু নিচে নামলে মাকে গাড়িতে তুলে দেন জুবাইদা। এরপর আলাদা একটি গাড়িতে করে তিনি সিটি কলেজ কেন্দ্র থেকে চলে যান।

জুবাইদা রহমান সিটি কলেজ কেন্দ্রে অবস্থানকালে সেখানে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমসহ দলীয় নেতাকর্মীদের কয়েকজন উপস্থিত ছিলেন।