
আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও মতিয়া চৌধুরী এবারও নির্বাচনে লড়ছেন। তাঁরা দলের মনোনয়ন পেয়ে ভোটের কার্যক্রম শুরু করেছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ দলটির আরও কয়েকজন প্রবীণ নেতা এবার নির্বাচন করছেন না। তাঁরা তাঁদের উত্তরসূরিকে ভোটে নামিয়েছেন। তাঁদের সন্তানেরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
তোফায়েল আহমেদ ভোলা-১ আসনে, আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন। আর মতিয়া চৌধুরী মনোনয়ন পেয়েছেন শেরপুর-২ আসনে। তাঁরা এবারও তাঁদের পুরোনো আসনেই নির্বাচন করছেন।
তোফায়েল আহমেদের রাজনীতিতে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে তিনি ভোলা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার মনোনয়ন পান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে তিনি ১৯৭৯ ও ১৯৮৬ সালে একই আসন থেকে দলের মনোনয়নে ভোট করে নির্বাচিত হয়েছিলেন।
সব রাজনৈতিক দলের আন্দোলনের মুখে জেনারেল এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে ভোলা-১ আসন থেকেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। এ ছাড়া অন্য সব কটি নির্বাচনে দলের মনোনয়নে অংশ নেন তোফায়েল আহমেদ। তিনি গত ৫০ বছরে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে আটবার সংসদ সদস্য হন।
এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনেই আওয়ামী লীগের মনোনয়নে ভোট করছেন তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা আমির হোসেন আমুও স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথমবারের মতো নির্বাচন করেন এবং জয়ী হন ঝালকাঠি থেকে। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগ (মালেক) অংশ থেকে। পরে ১৯৮৬ সালে এবং ১৯৯১ সাল থেকে যে নির্বাচনগুলোয় আওয়ামী লীগ অংশ নিয়েছিল, তার সব কটিতেই দলের মনোনয়নে ভোট করেন তিনি।
এবার নির্বাচনেও ঝালকাঠি-২ আসনে নৌকার মনোনয়নে ভোট করছেন আমির হোসেন আমু।
আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী বর্তমান সংসদের উপনেতা। তিনি এবার শেরপুর-২ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন। এই আসন থেকেই তিনি এর আগে ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। মতিয়া চৌধুরী আইয়ুববিরোধী আন্দোলনের মাধ্যমে আলোচিত হন। বাম রাজনীতির সঙ্গে যুক্ত বেগম মতিয়া চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ে ন্যাপ ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন।
প্রবীণ যাঁরা ভোট করছেন না
আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমান সংসদে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য। এবার বয়সের কারণে তিনি ভোট করছেন না। তাঁর ছেলে মাহাবুব উর রহমান চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা এইচ এন আশিকুর রহমান ১৯৮৬ সাল থেকে রংপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। তিনিও বয়সের কারণে এবার ভোটে নামেননি। তবে তাঁর ছেলে রাশেক রহমান রংপুর-৫ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগ প্রয়াত নেতা রহমত আলীর মেয়ে রুমানা আলী রাজনীতিতে এসেছেন। তিনি এবার তাঁর বাবার আসন গাজীপুর-৩ থেকে দলের মনোনয়নে ভোট করছেন।