বাংলাদেশকে তারা ফোকলা করে দিয়েছে, বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে যান, কিন্তু ২৫ হাজার কোটি টাকা যাঁরা লুট করে নিয়ে যাচ্ছেন, তাঁদের কিছুই করা হচ্ছে না।

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

গত ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নানা উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ বের করে নেওয়ার তথ্য তুলে ধরা হয়। দেশের একটি বাণিজ্যবিষয়ক ইংরেজি পত্রিকায় ইসলামী ব্যাংকের আরও ২ হাজার ৭০০ কোটি টাকার ঋণ অনিয়মের প্রতিবেদন প্রকাশিত হয়। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে এসব ঋণ নেওয়া হয়।

ইসলামী ব্যাংক থেকে এসব ঋণ নেওয়ার ঘটনার মধ্যেই ২৪ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে করা একটি মামলায় ৩৭ জন কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ মির্জা ফখরুল সেসব প্রসঙ্গ তুলে ধরেন।

বিএনপির মহাসচিব আজ বলেন, ‘এখন ঝগড়া হয় নিজেদের মধ্যে। চুরি করে একজন আরেকজনেরটা ফাঁস করে দেয়। দুই মাসের মধ্যে ৩০ হাজার কোটি টাকা নিয়ে গেছে এক ব্যাংক থেকে। এভাবে প্রতিটা ব্যাংক সাফ করে দিয়েছে। বাংলাদেশকে তারা ফোকলা করে দিয়েছে, ঋণখেলাপি করে দিয়েছে।’

রাজশাহী সমাবেশে বাধার প্রসঙ্গে বলতে গিয়ে ফখরুল বলেন, তাদের চাটুকার ও পেটুয়া বাহিনী নামে যে পরিবহন মালিকদের সংগঠন তারা পরিবহন বন্ধ করে দেয়। তাতে মানুষের আসা বন্ধ করতে পারেনি। খাবারের দোকান বন্ধ করে দিয়েছে। আগে যাঁরা গিয়েছেন, তাঁদের মাঠেও থাকতে দেয়নি। এই দেশে যাঁরা সরকারি কর্মকর্তা তাঁরা এখন আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগ হয়ে গেছে। এই আওয়ামী লীগ এখন গোয়েন্দা ও আমলানির্ভর।

বিএনপি কত টাকা নিয়ে সমাবেশে গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বলেন, এই যে ১৪ থেকে ১৫ বছর ধরে গণলুট করলেন, টাকা তো সব আপনাদের কাছে। ধান বিক্রির টাকা, ঠেলাগাড়ির টাকায় চাল, চিড়ামুড়ি নিয়ে এসেছে। মানুষের মধ্যে এখন ফ্যাসিবাদের ভীতি ভাঙতে শুরু করেছে।
সরকার বিএনপির প্রতি নাশকতার অভিযোগ করছে, এমনটা জানিয়ে ফখরুল বলেন, ‘২২ আগস্ট থেকে এখন পর্যন্ত একটা সমাবেশেও গোলযোগ হয়নি। বরং সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সব রকমের বাধা সৃষ্টি করেছে। নাশকতা আপনারাই করছেন।’

গত কয়েক দিনে এক হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আগের মতো নির্যাতন করে মানুষের আন্দোলনকে দমন করবে ভাবছে সরকার, কিন্তু এবার সেটা হবে না। ১৯৭১ সালের মতো মানুষ একজোট হয়েছে, এটাকে ধরে রাখতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছি। একমত হয়েছি যুগপৎ আন্দোলন করার জন্য। আজকের লড়াইয়ে জিততে হবে।’ অতিদ্রুত যুগপৎ আন্দোলনে নামার জন্য তিনি আহ্বান জানান।