
এক সপ্তাহের ব্যবধানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেড়েছে প্রায় দ্বিগুণ। সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটিগুলো মাঠে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ নির্বাচন কমিশনে (ইসি) প্রতিবেদনও দিচ্ছে। কিন্তু তুলনামূলক কমই ব্যবস্থা নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ধীরগতিতে চলছে সাংবিধানিক এই সংস্থা।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভোটের প্রচার। আগামীকাল শুক্রবার সকাল আটটায় শেষ হবে নির্বাচনী প্রচার।
ইসি সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটিগুলো মোট ৫৮৯টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এক সপ্তাহ আগে পর্যন্ত কারণ দর্শানো নোটিশের সংখ্যা ছিল ২৯৬।
কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, কিছু কিছু ক্ষেত্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
অনুসন্ধান কমিটিগুলো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে; তবে তারা নিজেরা কোনো ব্যবস্থা নিতে পারে না। কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেয় ইসি। গতকাল পর্যন্ত অনুসন্ধান কমিটিগুলো ৩৮৪টি ঘটনার তদন্ত প্রতিবেদন ইসিতে পাঠিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ইসি অনুমোদন করেছে ১২০টি প্রতিবেদন। অনুমোদনের জন্য অপেক্ষায় আছে ১৫৩টি। ১৮টি প্রতিবেদন ইসিতে উপস্থাপনের অপেক্ষায় আছে। আর ৯০টি প্রতিবেদনে কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়নি।
অবশ্য ইসি মনে করছে এবার আগের তুলনায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কম। গত মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এক অনুষ্ঠানে বলেন, অন্য যেকোনো নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কম। তবে তাতে ইসি সন্তুষ্ট নয়। এসব ঘটনা আরও কম হওয়া উচিত ছিল।
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, কিছু কিছু ক্ষেত্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের ঘটনা দেখতে মাঠে কাজ করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ‘ভোটপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিত’ করার জন্য জুডিশিয়াল (বিচারিক) ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে প্রতিটি আসনে একটি করে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করে ইসি। এবার মূলত এই কমিটিগুলোই বেশি সক্রিয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রার্থী বা রাজনৈতিক দলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি বা দলকে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা জরিমানা করতে পারে বা প্রার্থিতা বাতিল করতে পারে।
অন্যদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং রাজনৈতিক দল কোনো বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি করে থাকেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের দায়ে এখন পর্যন্ত ইসির নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপের মধ্যে আছে একজনের প্রার্থিতা বাতিল। নির্বাচনী অপরাধে লক্ষ্মীপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল করে ইসি। এ ছাড়া কুমিল্লা–৬ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে এক লাখ এবং বরগুনা-১ আসনে ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম–১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাইসহ কিছু ক্ষেত্রে প্রার্থীদের কর্মী–সমর্থকদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে ইসি। এসবের বাইরে কিছু ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছেন।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া জেলার ৪টি আসনে অন্তত ৪৬টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে অন্তত ৪০টি অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য শুনে এবং ঘটনা তদন্ত করে ইসিতে প্রতিবেদন দিয়েছে অনুসন্ধান কমিটি। তবে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয়নি ইসি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইসির কাছ থেকে কোনো নির্দেশনা তাঁরা পাননি।
গত ২ ডিসেম্বর পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আওয়ামী লীগের প্রার্থী নাইমুজ্জামান ভূঁইয়ার একটি নির্বাচনী সভা থেকে নৌকাবিরোধীদের হাড়হাড্ডি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন দলের জেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (পল্লব)। প্রথমবার আচরণবিধি লঙ্ঘন করায় তাঁকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
এরপর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার একটি নির্বাচনী সভা থেকে নৌকাবিরোধীদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দেন মো. নুরুজ্জামান নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি।
গত ১ জানুয়ারি রাতে পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার সভা থেকে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে অনুসন্ধান কমিটি। এর বাইরে বেশ কয়েকটি ঘটনাও তদন্ত করে কমিটি।
পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যেসব সুপারিশ হচ্ছে সেগুলো ইসিতে পাঠানো হচ্ছে। সেখান থেকে এসব বিষয়ে সিদ্ধান্ত আসার পর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোথাও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা দেখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা নির্বাচনী এলাকায় টহল অব্যাহত রেখেছেন।
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অন্তত ২১টি অভিযোগ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি অভিযোগের প্রেক্ষাপটে কালকিনি ও ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া প্রকাশ্যে ভোটারদের হুমকি, ভীতি সৃষ্টি করা, প্রচারে বাধা সৃষ্টিসহ নির্বাচনী নানা বিষয়ে অভিযোগ করা হলেও অভিযুক্ত প্রার্থী ও কর্মীদের সাধারণ ক্ষমা ছাড়া শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে পরিণতি কী হবে, তা নিয়ে ইসি জোরালো বক্তব্য দিচ্ছে। তারা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন পরিচালনা করছে। সেখানে যাঁরা অন্যায় করছেন, অনিয়ম করছেন, তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে প্রমাণিত হচ্ছে, তাঁদের কথার সঙ্গে কাজের মিল নেই। নির্বাচনী অনিয়মে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া না হলে অনিয়ম বাড়তেই থাকবে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা।]