জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ মঙ্গলবার বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠান করে
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ মঙ্গলবার বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠান করে

এল আরেকটি নতুন দল, অতিথি ৬০, গণমাধ্যমকর্মী ২৫

বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠান করে। দলের চেয়ারম্যান ছাড়াও মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিইউপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা ছিল ৬০ থেকে ৭০। এর মধ্যে গণমাধ্যমে কর্মরত সদস্যের সংখ্যা ছিল অন্তত ২৫।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, তাঁর দলের লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা প্রভৃতি।

জাকির হোসেন আরও বলেন, দেশের অন্তত ২০টি জেলা ও শতাধিক উপজেলায় তাঁর দলের কমিটি রয়েছে। তিনি বলেন, ‘এ অনুষ্ঠানে প্রায় ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বাকিরা নিজ এলাকায়। সবাইকে ঢাকায় নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা দেখি না। এতে শুধু শুধু যানজট বাড়ে।’

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিইউপির নেতারা জানান, দলের রাজনৈতিক কার্যালয় রাজধানীর শেওড়াপাড়া। তবে এখনো কোনো গঠনতন্ত্র তৈরি করেননি তাঁরা। ইতিপূর্বে নির্বাচন কমিশনের কাছে ‘রকেট’ প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য দলটি আবেদন করে বলেও জানায় তারা।

তবে দল নিবন্ধন না পেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিইউপির নেতা-কর্মীরা অংশ নেবেন বলেও জানান জাকির হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশে এখন পর্যন্ত দুই ডজনের বেশি নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। সর্বশেষ আজ বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন এ দলের আত্মপ্রকাশ হলো।