১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণ-অবস্থান সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় দলটির নেতারা
১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণ-অবস্থান সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় দলটির নেতারা

আর কয়েকটি সভার পর চট্টগ্রামে আ.লীগ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা: মীর নাছির

বিএনপির আর কয়েকটি সভার পর চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সভায় বিএনপির এই শীর্ষ নেতা এ হুঁশিয়ারি দেন।

১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণ-অবস্থান সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সেখানে তিনি বলেন, ‘আমার দল কর্মীনির্ভর দল। আর দু-একটা মিটিংয়ের পর তাঁদের (আওয়ামী লীগের নেতাদের) চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাঁরা এলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্যই অবাঞ্ছিত ঘোষণা করব। আমাদের নেতা-কর্মীরা অত্যন্ত দায়িত্বশীল।’

সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ বিশৃঙ্খলা করে দমিয়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে তাদের পরাজিত করেছি আমরা। ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি থেকে একইভাবে শক্ত বার্তা যাবে।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে বার্তা যাবে, এই সরকারের বিদায় নেওয়ার জন্য। আমাদের পরবর্তী কর্মসূচি সেই ধারায় চলতে থাকবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি করে এই সরকারকে বিদায় করতে চাই; যদিও তারা সহিংসতার দিকে নিয়ে যেতে চায়। কিন্তু কেউ জনগণের সামনে দাঁড়াতে পারবে না। কোনো শক্তি দাঁড়াতে পারবে না—আমরা সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, এবার চূড়ান্ত আন্দোলন করে সরকার পতন ঘটানো হবে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক। আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।