
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মহাসমাবেশের নামে হাসপাতাল, পথচারী, সাংবাদিক, পুলিশ ও বিভিন্ন স্থাপনায় বিএনপির হামলাকে ইসরায়েলি বাহিনীর গাজায় চলমান হামলা ও একাত্তরে পাকিস্তানি হানাদারদের বর্বরতার সঙ্গে তুলনা করেছেন। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘ইসরায়েলি বাহিনী গাজায় হাসপাতালে হামলা চালিয়ে প্রায় ৮০০ মানুষকে হত্যা করার পরও বিএনপি এবং জামায়াত এই বর্বরতার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা শনিবার হাসপাতালে হামলা চালিয়েছে। আর একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী রাজারবাগে হামলা চালিয়েছিল, শনিবার বিএনপি-জামায়াতও রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। ২০টির বেশি অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছে। দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল হাসপাতালে এ রকম হামলা করেছে বলে আমার জানা নেই।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মীরা সমাবেশের নামে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুলসহ বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা চালিয়ে একজন পুলিশকে পিটিয়ে পরে চাপাতি দিয়ে কোপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। তাদের হামলায় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ছাড়া আনসারের ২৫ জন এবং ২১ জন সাংবাদিক আহত হয়েছে। তারা শতাধিক গাড়ি পুড়িয়েছে। শনিবার রাতে আমরা ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে গেছি। দেখেছি, বহু পুলিশ সদস্য যন্ত্রণায় ছটফট করছে।’
দেশের ৫২ বছরের ইতিহাসে প্রধান বিচারপতির বাসভবনে কখনো এর আগে হামলা হয়নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশের কথা বলে বিএনপি সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। প্রধান বিচারপতি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, প্রধান বিচারপতি একটি প্রতিষ্ঠান, বিচার বিভাগের প্রধান, তাঁর বাসভবনে তারা হামলা চালিয়েছে এবং সেখানে ঢুকে পড়েছে। এর আগে বিএনপির আইনজীবীরা প্রধান বিচারপতির খাসকামরায় লাথি মেরেছিলেন, সেটিও বিচার বিভাগকে তাদের তোয়াক্কা না করার প্রমাণ।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব গতকাল নিহত শামীম মিয়াকে যুবদলের নেতা বলে দাবি করেছেন। অথচ নিহত ব্যক্তির পরিবার বলছে তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁর গায়ে কোনো আঘাত নেই। হাসপাতাল বলছে, তিনি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অর্থাৎ হত্যার দায় এড়ানোর জন্য বিএনপি আবারও মিথ্যাচার করছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি এইভাবে যখন তাণ্ডব শুরু করে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তাণ্ডব বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে বাধ্য হয়। তখন বিএনপির নেতারা প্রথমে মঞ্চ ত্যাগ করে চলে যান, সঙ্গে সঙ্গে তাঁদের কর্মী-সমর্থকেরাও চলে যান। গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করার স্বার্থেই তারা যেখানে চেয়েছে, সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, সার্বিকভাবে সহায়তাও করা হয়েছে। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, বিএনপিরও চরিত্র কখনো বদলায় না। এটিই প্রমাণিত হলো।
যুক্তরাষ্ট্র শনিবারের সহিংসতার নিন্দা জানিয়েছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরাও সহিংসতার নিন্দা জানাচ্ছি। আশা করব, যারা পুলিশ মেরেছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে, যারা জাজেস কমপ্লেক্সে, হাসপাতালে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হবে।’