
নির্বাচন এলেই বিএনপিকে দেখা যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি। নির্বাচন এলেই তাদের দেখা যায়। করোনা মহামারির সময় তাদের দেখা যায় না, মানুষের দুঃসময়ে তাদের পাওয়া যায় না।’
মানুষ পোড়ানোই হচ্ছে বিএনপির রাজনীতি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। তাদের পছন্দ রাস্তা। কারণ, তারা যাতে রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে।’
আজ বুধবার বিকেলে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না। কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অন্যদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।’
কক্সবাজারের উন্নয়নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, ‘লাখ কোটি টাকার উন্নয়নে কক্সবাজার বদলে গেছে। বিদেশ থেকে যাঁরা আসেন তারা কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হাসিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। আগামী বছর এই পর্যটন নগরীতে ট্রেন আসবে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কও আধুনিক মানের হচ্ছে।’
জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মোশারফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম প্রমুখ।