
নির্বাচন কমিশনের (ইসি) ডাকা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবারের সংলাপে যাচ্ছে না বাংলাদেশ জাসদ। দলটির নেতারা বলছেন, এই সংলাপ কাঙ্ক্ষিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোনো প্রকার ভূমিকাই রাখবে না।
আজ শুক্রবার বাংলাদেশ জাসদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংলাপে না যাওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য ইসি যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, বাংলাদেশ জাসদ তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, দলটি মনে করে, এই সভা কাঙ্ক্ষিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোনো প্রকার ভূমিকাই রাখবে না। উপরন্তু বিভিন্ন দলের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার এবং অনেক দলের সম্ভাব্য অনুপস্থিতির কথা জানার পরও এই সভা আহ্বান নিয়ে ইসি সম্পর্কে বিদ্যমান বিতর্ককে আরও গভীর করে তুলছে।
বাংলাদেশ জাসদ আরও বলেছে, নির্বাচনকালীন গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার কাজ অগ্রসর করা ছাড়া ইসির এ ধরনের সভা নির্বাচনের পরিবেশ তৈরিতে কোনো অবস্থাতেই সহায়ক হবে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাসদ এই সভায় যোগ দেবে না।
২০১৮ সালের নির্বাচনের আগে বাংলাদেশ জাসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ছিল। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলটি জোটে আর সক্রিয় থাকেনি। একপর্যায়ে তারা জোট ছাড়ার ঘোষণা দেয়। বর্তমানে তারা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে রাজপথে আছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে মিলে কিছু যুগপৎ কর্মসূচিও পালন করেছে।
জাসদের দলীয় সূত্র বলছে, দলটির নেতারা মনে করেন, ইসির সংলাপ বা আলোচনা সভার মূল উদ্দেশ্য লোকদেখানো। এতে বিএনপিসহ সরকারবিরোধীরা অংশ নেবে না। এ জন্য বাংলাদেশ জাসদ সরকারপন্থী দল হিসেবে পরিচিতি পেতে চায় না।
শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বে বাংলাদেশ জাসদ গঠনের পর থেকে ইসির নিবন্ধন পেতে চেষ্টা চালায় দলটির নেতারা। গত জুনে আদালতের নির্দেশে দলটি নিবন্ধন পায়।