ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।
জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়। ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘসময় আটকে ছিল এই আসনের ফল ঘোষণা।
ঢাকা–১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন।
আটজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), , সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।