
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ বানচাল করতে সরকারের নেওয়া ঢাকা অবরুদ্ধ করার পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ যুব পার্টি (এবি যুব পার্টি)। দলটির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১৪ বছর ধরে এই সরকার জনগণের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চালাচ্ছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মী সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় সভাপতির বক্তব্যে যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান বলেন, শেখ হাসিনা নিজেই বিভিন্ন সমাবেশে বলেছেন, ভোটচোরদের মানুষ কখনো মেনে নেয় না। ভয়, ভীতি, গুম, খুন, অত্যাচার, নির্যাতন এবং তথাকথিত উন্নয়নের ডামাডোল দেখানোসহ সব ধরনের চেষ্টা করে দেখেছেন তিনি। কিন্তু বাংলাদেশের মানুষ তাঁকে মেনে নিচ্ছে না।
এ বি এম খালিদ হাসান বলেন, রাজনৈতিক দল সভা–সমাবেশ করবে, এটা তার অধিকার। বিরোধী দলের কর্মসূচি বানচালের নামে সরকার নিজেই রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করার পরিকল্পনা করছে। রাতে বাসাবাড়ি, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।
এ ধরনের অপতৎপরতার সমালোচনা করে যুব পার্টির আহ্বায়ক বলেন, ১৪ বছর ধরে এই সরকার জনগণের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চালাচ্ছে। সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে দলীয় আজ্ঞাবহ দাসে পরিণত করেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা প্রদান না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ বানচালের নামে জনদুর্ভোগ তৈরি করলে এর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন।
সভায় দলের সদস্যসচিব শাহাদাত উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন এবি যুব পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী ও যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ।