
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের এ বৈঠক হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল অফিসার ইয়োশাইকি কোবাইশি ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-জাপানের যে সম্পর্ক, সেটা অনেক দিনের। জাপান আমাদের বাই লেটারেল ডোনারদের (দাতা) মধ্যে সবচেয়ে বড় ডোনার। আজ আমাদের দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যেসব বিষয় আছে, সেগুলোর ওপর আলোচনা হয়েছে। এ ছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা, তার ওপর আলোচনা হয়েছে।’
সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ওপর যে হামলা-মামলার ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আলোচনায় এসেছে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে দলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ হওয়ার পরপরই আজকের বৈঠক হলো। গতকাল বিএনপির সেই কর্মসূচিতে হামলা চালান শাসক দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এতে দলের নেতা তাবিথ আউয়ালসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। আবার গতকাল নিজ জেলা নোয়াখালী থেকে ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অতর্কিত হামলার শিকার হন।