লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের (একাংশ) বিক্ষোভ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, ১১ মার্চ ২০২৬
লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের (একাংশ) বিক্ষোভ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, ১১ মার্চ ২০২৬

লঞ্চে নারী শিক্ষার্থীকে ‘ধর্ষণের ঘটনায়’ জড়িতদের শাস্তি দাবি ছাত্র ইউনিয়নের

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটি। বুধবার রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. সাকিব উদ্দিন ও মো. নুরুজ্জামান মিঠু। ছাত্র ইউনিয়নের সমাবেশে দাবি করা হয়, গ্রেপ্তার দুজন জাতীয় নাগরিক পার্টির কর্মী। যদিও তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সভাপতি তামজিদ হায়দার চঞ্চল প্রথম আলোকে বলেন, ‘আমরা নানা জায়গা থেকে জেনেছি ওরা দুজন হান্নান মাসউদের (হাতিয়ার সংসদ সদস্য) ঘনিষ্ঠজন। তাঁরা সরাসরি কোনো পদে নেই, তবে নির্বাচনের সময় হান্নান মাসউদের হয়ে প্রচারের কাজ করেছেন। ফেসবুকে বিভিন্ন পোস্টে আমরা তাঁদের এনসিপি নেতা হিসেবেই দেখছি।’

তামজিদ হায়দার বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলবে। আমরা ঈদের আগেই সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাব।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয়, মহানগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

গত রোববার নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই কলেজছাত্রীর বাবা হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে মেয়েকে তুলে দিয়েছিলেন। লঞ্চের কেবিনে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ এসেছে।