
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের শত্রু, তাদের দ্রুত বিদায় করতে হবে। ফ্যাসিবাদী সরকারের প্রধান কাজই হচ্ছে মিডিয়ার কণ্ঠ চেপে ধরা।
আজ শুক্রবার দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদ এবং বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে সাংবাদিক পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম নগরের লাভ লেন এলাকায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এটির আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দৈনিক দিনকালসহ একের পর এক মিডিয়া হাউস বন্ধ করে এই সরকার এখন গণমাধ্যমের শত্রুতে পরিণত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের প্রধান কাজই হচ্ছে মিডিয়ার কণ্ঠ চেপে ধরা। বর্তমান আওয়ামী লীগ সরকার তা–ই করছে, যা ফ্যাসিবাদীরা করে থাকে। তিনি বলেন, গুম, খুন, লুটপাটসহ নানা অপকর্ম মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় এই সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সব অপকর্মের খবর এখন বিশ্ববাসী জেনে গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। তিনি বলেন, এই সরকারের আমলে ৫৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি মাসে গড়ে ১৮ থেকে ১৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। এই ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে সব গণমাধ্যমকে পুনরায় মুক্ত করা হবে। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বিএফইউজের মহাসচিব নুরুল আমীন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি জাহিদুল করিম, সাধারণ সম্পাদক খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।