কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নিজের আশঙ্কার কথা তুলে ধরে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ সময় তাঁর নিজের, পরিবারের সদস্য এবং জুলাইয় গণ–অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নুসরাত।
নুসরাত তাবাসসুমের আশঙ্কার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত বৃহস্পতিবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি চূড়ান্ত (কনক্লুসিভ) কিছু বলেননি। প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে ধারণার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে বলতে পারবেন। আগামীকাল কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে বলে তিনি জানান।
১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন সংসদে বিষয়টি নিয়ে উত্তাপ ছড়ায়। বিরোধী দল দাবি করেছিল, চারটি পেট্রল বোমা মেরে আগুন লাগানো হয়েছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলেছিলেন, ওখানে পেট্রল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
আগুনের ঘটনা তুলে ধরে আজ সংসদে নুসরাত তাবাসসুম বলেন, ‘এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি। প্রথমবার আমি যখন দেখেছি যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয়বার যখন আমি দেখেছি, এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মী ব্যক্তিরা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করেছেন।’
নুসরাত অভিযোগ করেন, তাঁর গ্রামের বাড়িকে বারবার পরিত্যক্ত বাড়ি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ওই ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে ওঠে। বাড়ি থেকে মানুষ, নারী, বাচ্চারা দৌড়ে বের হয়ে আসছেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। কিন্তু তখনো বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতিটি জ্বলছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ইঙ্গিত করে নুসরাত তাবাসসুম বলেন, এই চাক্ষুস প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত চলাকালে বাড়িটিকে পরিত্যক্ত বা শর্টসার্কিটের ঘটনা বলে মন্তব্য করা তদন্তকে প্রভাবিত করতে পারে। কর্তাব্যক্তির মুখ থেকে এ রকম কোনো ‘রেজাল্টের কথা’ এলে কর্তাব্যক্তিকে খুশি করার জন্য সে ধরনের প্রতিবেদন তৈরির আশঙ্কা থাকে।
নুসরাত বলেন, ‘আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে। কিন্তু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই সংসদে দাঁড়িয়ে, তদন্ত চলাচল সময় যে ধরনের কথা হয়েছে তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান আছি।’
এনসিপির সংসদ সদস্য নুসরাত প্রশ্ন রেখে বলেন, একটি ঘটনার পরে যখন সন্ত্রাসীরা উল্লাস করে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দায় স্বীকার করে। তারপরেও দায় মুক্তি দেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত? সংসদ সদস্য আরও বলেন, তাঁর বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, একই কায়দায় আজ সারা দিন গোপালগঞ্জ চলেছে। সেখানে বিএনপি, ছাত্রদল, যুবদলের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই কায়দায় সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস দেখা যাচ্ছে।
নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য দাবি করে নুসরাত তাবাসসুম বলেন, ‘আমার শুধু এতটুকু আফসোস যে শুধুমাত্র তদন্ত চলছে এটুকু বললেই হতো। এখানে কোনো দায় মুক্তি দেওয়ার কথা না বললেও চলত। আজকে কিন্তু আমরা দেখেছি যে আসলে কী শুরু হয়েছে। প্রকাশ্যে বলছে এনসিপি এবং বিএনপি তোমরা তোমাদের প্রাণ নিয়ে পালাও। টার্গেটে আসলে কারা? জুলাই যারা সম্মুখে ছিল তারা।’
নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ নভেম্বর সংসদে তিনি তথ্যবহুল সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন। নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল প্রতিবেদন দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি প্রাথমিক তদন্তের বরাতে বলেছিলেন, তদন্তে তারা বোমার কোনো চিহ্ন পায়নি। তারা ধারণা করছে, শর্টসার্কিট থেকে হতে পারে। যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর যেকোনো রকমের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কঠোরভাবে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা (বিরোধী দল) একটু মনঃক্ষুণ্ন হয়েছে এ কারণে যে সেখানে একটা ছাগল মারা গিয়েছে, এটা সত্য, ওখানে গরুও ছিল বলে আমি শুনেছি। ওখান থেকে কোনো মানুষ বের হয়নি, এটা আমি তো অস্বীকার করি নাই। ওখানে মানুষ থাকতে পারে এবং ভিডিওটা তখনো পর্যন্ত আমি দেখি নাই। পরে আমি দেখেছি, একজন মহিলা তার বাচ্চা কোলে নিয়ে বের হচ্ছেন।’
নুসরাত তাবাসসুম রাজধানীর কলাবাগান থানায় জিডি করেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়েও আইনানুগ প্রক্রিয়া চলছে।
প্রভাবিত করার জন্য সংসদে বিবৃতি দেন না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (নুসরাত) যে বিবৃতিটা দিয়েছেন যে আমার স্টেটমেন্টের কারণে তদন্ত প্রভাবিত হতে পারে। এ প্রভাবিত শব্দটা আমার মনে হয় মাননীয় স্পিকার একটু এক্সপাঞ্জ করলে ভালো হয়।’
পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে তদন্তে কী আসে সে জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তদন্ত প্রভাবিত হতে পারে’ এটা কোনো অসংসদীয় বক্তব্য নয়। একজন আক্রান্ত ব্যক্তির আশঙ্কা থাকতেই পারে।
পরে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে এই বিষয়ে কথা বলতে দাঁড়ান। তিনি নুসরাত তাবাসসুমের বাবার নামে জমি দখলের অভিযোগে হওয়া মামলার বিষয়টি তুলে ধরতে চান। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে থামিয়ে দেন।
স্পিকার এই সময় বলেন, ওই ঘটনায় নুসরাত তাবাসসুম একটি পক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) একটি পক্ষ। এখানে একজন সংসদ সদস্যকে নিয়ে তৃতীয় পক্ষের কিছু বলা সমীচীন হবে না। মামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়ার পরামর্শ দেন তিনি।