বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

সবাই ধৈর্য ধরুন, জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে।

আজ শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ১৬৭টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। জামায়াত ও তার মিত্ররা জয়ী ৫৯টি আসনে।

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোট প্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তবে নির্বাচনের ফলাফলপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় বলে পোস্টে উল্লেখ করে জামায়াত। এ প্রসঙ্গে পোস্টে বলা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় বারবার অসংগতি ও বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত—এসবই ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

জামায়াতের ফেসবুক পোস্টে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছে তারা।

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, ‘মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশা আল্লাহ অব্যাহত থাকবে।’