বিএনপির ‘আগুন–সন্ত্রাসের’ প্রতিবাদে রাজধানীতে জাসদের মিছিল

বিএনপির ‘আগুন–সন্ত্রাসের’ প্রতিবাদে পল্টন এলাকায় মিছিল করেন জাসদের নেতা–কর্মীরা। ঢাকা, ৩০ জুলাই
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা জোটের ‘আগুন–সন্ত্রাসের’ প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। রোববার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এ কর্মসূচি পালন করে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি।

মিছিল–পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে শনিবার ঢাকার বিভিন্ন প্রবেশপথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি প্রমাণ করেছে, তারা বদলায়নি। বক্তারা বিএনপিকে সহিংসতা বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহদপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।