
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে তারা ভুল করবে। খালেদা জিয়া বিএনপির সমাবেশে যোগ দিলে আদালতই তা দেখবেন বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের দুই দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, তারা (বিএনপি) যাতে ‘সুন্দরভাবে’ সমাবেশ করতে পারে, সে জন্যই ১০ জানুয়ারি তাদের সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখানে দুরভিসন্ধি বা বিশৃঙ্খলার প্রশ্নই আসে না। বিএনপি বিশৃঙ্খলা করলে ভুল করবে। নিরাপত্তা রক্ষাকারী তা গ্রহণ করবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, আপনারা শান্তিপূর্ণভাবে যেসব কার্যক্রম করতে চান, তা অবশ্যই করবেন। এটা রাজনৈতিক অধিকার। তবে কোনোক্রমেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারবেন না এবং করার চেষ্টাও করবেন না। কারণ, বাংলাদেশ একটা পর্যায় চলে গেছে, এগিয়ে গেছে।’
বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি দুটি জায়গা চেয়েছিল, তারা অনেক মানুষের সমাগম করবে। তারা সোহরাওয়ার্দী উদ্যান আর মানিক মিয়া অ্যাভিনিউ চেয়েছিল। মানিক মিয়া অ্যাভিনিউ আগে থেকে বন্ধ। এখানে ন্যাশনাল অ্যাসেম্বলি হয়, জাতীয় সংসদ। এটা কাউকে দেওয়া হয় না।’ কমিশনার সাহেব তাদের দাবির প্রতি লক্ষ রেখে সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখি, কমিশনার বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রোগ্রাম ছিল। তাদের প্রোগ্রাম এগিয়ে আনা হয়েছে বিএনপির অনুষ্ঠানকে লক্ষ্য করে।’
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা তদন্ত, জঙ্গি দমন, গোয়েন্দা কার্যক্রম, বিমান চালনা, অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি প্রোটেকশন) নিরাপত্তায় ও জাতীয় জরুরি সেবা-৯৯৯-এর ক্ষেত্রে পুলিশের নারী সদস্যরা কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। তাঁরা সাইবার অপরাধের শিকার নারীদের সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও পুলিশ সদর দপ্তরের সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজের মাধ্যমে সেবা দিচ্ছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপিডব্লিউএনের বিভিন্ন পর্যায়ের সদস্য, ইউএনডিপি, ইউএন উইমেনের বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার, বাংলাদেশ নারী প্রগতি সংস্থা ও ঢাকার বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি এবং অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের নারী সদস্যরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে ‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং’ অনলাইন মডিউল প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান নিয়ে রচিত ‘পুলিশ উইমেন ইন ব্লু হেলমেট: টেলস অব সাকসেস অ্যান্ড প্রাইড’ এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ফাতেমা বেগমের লেখা ‘আমার পুলিশ হওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচজন নারী পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়।