
গ্রেপ্তার হওয়ার ১ মাস ১৭ দিনের মাথায় জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)। মঙ্গলবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তিনি ছাড়া পান। কারামুক্তির পর রাতে প্রথম আলোকে এ তথ্য জানান রুহুল কুদ্দুস তালুকদার।
গত ১৭ অক্টোবর বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বাড্ডা থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতকে রুহুল কুদ্দুস বলেছিলেন, তিনি ক্যানসারে আক্রান্ত। কারাগারে অসুস্থ হওয়ার পর আদালতের আদেশে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকার সিএমএম আদালতে জামিন নাকচ হওয়ার পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও রুহুল কুদ্দুস তালুকদারের জামিন নাকচ হয়। পরে জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে ৩ ডিসেম্বর রুহুল কুদ্দুস তালুকদারকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে গত সোমবার রুহুল কুদ্দুস তালুকদারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।