
২৮ অক্টোবর সরকারের নয়, বরং বিএনপিরই পতনযাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, শিগগিরই তাদের নির্বাচন–পরবর্তী আন্দোলনের ঘোষণা দিতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এ সময় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি কিছুদিন আগে বলেছিল অক্টোবর মাসে ফাইনাল খেলা। এরপর বলল, পূজার পরে। আবার বিএনপি মহাসচিব গতকাল বলেছিলেন, ২৮ তারিখ তারা সরকারের পতনের দাবিতে সমাবেশ করবেন আর আজকে নাকি তার আগেই সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এখন মানুষ হাস্যরস করে বলে, এটা এবারের ২৮ তারিখ, নাকি আগামী বছরের, নাকি তার পরের বছরের। কারণ, প্রায় ১৫ বছর ধরে আমরা এই আন্দোলনের হুমকির মধ্যে আছি এবং বাস্তবতা হচ্ছে বিএনপির কর্মীরা ছাড়া জনগণের সেখানে কোনো সম্পৃক্ততা নেই।’
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে হাসপাতালে হামলায় ৮০০ মানুষ এবং শত শত শিশু মারা গেছে। তাদের কবর দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা পৃথিবী প্রতিবাদ করেছে, ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রও সেই হামলার প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল বুধবার এবং এর আগেও প্রতিবাদ জানিয়েছেন।
সারা পৃথিবী এই বর্বরতার প্রতিবাদ জানিয়েছে, শুধু বিএনপি এ প্রসঙ্গে একটি কথাও বলেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তার মানেটা কী, তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়েই ব্যস্ত। আজকে যে পুরো পৃথিবী এর বিরুদ্ধে কথা বলছে, সেটি তাদের কানে পৌঁছায় না। এটি অত্যন্ত দুঃখজনক ও আশ্চর্যজনক।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সংবর্ধনা স্মারক অর্পণকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জীবনটাকে সংগ্রাম হিসেবে নিতে হবে, জীবনসংগ্রামে তোমরা অন্যদের পথপ্রদর্শক হবে। তোমরা নিজেরা স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে এবং তোমাদের হাত ধরে দেশও স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে।’
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার এবং পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বিশেষ অতিথির বক্তব্য দেন।