শুক্রবার থেকে ঢাকার রাজপথ যুবলীগের নিয়ন্ত্রণে থাকবে: পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার থেকে রাজপথ যুবলীগের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ। তিনি বলেন, ওই দিন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার উদ্দেশে প্রধানমন্ত্রী সেদিন বিশেষ বার্তা দেবেন।

আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।

শেখ পরশ বলেন, রাজপথ থাকবে যুবলীগের দখলে। আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সমুচিত জবাব দেবে যুবলীগ।
সমাবেশস্থলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে জানিয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, সমাবেশ সফল করতে ১০টি উপকমিটি করা হয়েছে। নেতা-কর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হবে। এ সমাবেশ হবে তারুণ্য, সাহসের। এ সমাবেশ হবে সন্ত্রাসের বিরুদ্ধে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।