আমিনবাজারে বিএনপির সমাবেশ

প্রচণ্ড গরম, হাজিরা দিয়েই মাঠের আশপাশে চলে যাচ্ছেন নেতা–কর্মীরা

বিএনপির আজকের সমাবেশস্থল মিরপুর মফিল–ই–আম স্কুল অ্যান্ড কলেজ মাঠের বেশির ভাগ জায়গা ফাঁকা। বেলা তিনটায় তোলা
ছবি: মোহাম্মদ মোস্তফা

ঢাকার অন্যতম প্রবেশপথ  আমিনবাজার এলাকায় সমাবেশ করছে ঢাকা জেলা বিএনপি। দলের খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার কিছু সময় পর শুরু হয়েছে।

ঢাকা–আরিচা মহাসড়ক থেকে ২৬০ মিটার দূরে মিরপুর মফিদ–ই–আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশ করছে দলটি।

গত সোমবার ঢাকার প্রবেশপথ আমিনবাজার এলাকায় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু আগের রাতে বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে দলটি। ওই দিন সমাবেশ করতে না পেরে আজ এই এলাকায় সমাবেশ করছে ঢাকা জেলা বিএনপি।

নেতা-কর্মীদের অনেকেই মাঠে একবার এসে চলে যান

সরেজমিন দেখা যায়, প্রচণ্ড গরমের কারণে সমাবেশে আগত নেতা-কর্মীরা হাঁপিয়ে উঠেছেন। বেশির ভাগ নেতা-কর্মী সমাবেশে জন্য নির্ধারিত মাঠে এসে হাজিরা দিয়েই চলে যাচ্ছেন। কিছু নেতা-কর্মী সমাবেশস্থলের আশপাশে নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছেন। যেখানে ছায়া আছে, সেই জায়গা খুঁজে কিছু নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।
গুগলের আবহাওয়ার তথ্য বলছে, আমিনবাজারের যে স্থানে বিএনপি সমাবেশ করছে, সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভব হচ্ছে।

সমাবেশস্থল থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইলে কেরানীগঞ্জ থেকে আগত বিএনপির কর্মী আশিকুর রহমান বলেন, গরমের কারণে টিকতে পারছেন না। সমাবেশস্থল থেকে ১০০ মিটার দূরে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন চার ব্যক্তি। এর মধ্যে একজন বললেন, তাঁরা মিছিল নিয়ে এসেছেন বেলা দুইটায়। মাঠে অনেক গরম, তাই গাছের ছায়ায় দাঁড়িয়েছেন।

বিএনপির আমিনবাজারের সমাবেশে আসা নেতা-কর্মীদের অনেকেই আশপাশের ছায়া থাকা স্থানে আশ্রয় নিয়েছেন

বেলা তিনটায় সমাবেশস্থল মিরপুর মফিদ–ই–আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে দেখা যায়, মাঠের বেশির ভাগ জায়গা ফাঁকা। আগত নেতা-কর্মীদের কেউ কেউ মঞ্চের চারপাশে অবস্থান নিয়েছেন। কেউ স্কুলমাঠের পাশে গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়েছেন।

খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তার হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।