
বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছু করার নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরিবহনমালিকেরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করেন।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাতালপথে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের (এমআরটি-১) পরামর্শক নিয়োগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির সমাবেশ ঘিরে বাস ধর্মঘটের বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে কি বাস বন্ধ ছিল? বাসমালিকদের সেটি জিজ্ঞাসা করুন। আমি যখন মন্ত্রী, তখন তাঁরা (বাসমালিক) আমাদের বিরুদ্ধেও ধর্মঘট করেছেন। বেসরকারি গাড়ি, মালিকেরা চালাবেন কি চালাবে না, সেটা তো আমি জোর করতে পারি না। আমার বিরুদ্ধে যখন (বাস বন্ধ করে) আন্দোলন করা হয়, তা আপনারা দেখেন না।’
বিএনপির খুলনার সমাবেশ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খুলনায় বিএনপির এক লাখ লোকও হয়নি। লাখ লাখ বলে দলের নেতারা চিত্তকে সুখ দিতে মনকলা খাচ্ছেন। কত হাজারে লাখ বলা হয়! ময়মনসিংহ-খুলনায় কত হয়েছে, সেটি সাংবাদিকেরা দেখেছেন। এর সঙ্গে বাস্তবতা নেই। তবে চট্টগ্রামে লাখের কাছাকাছি লোক হয়েছে। ফখরুল সাহেবকে বিকেলে আমন্ত্রণ জানিয়েছি, একটা জেলা সম্মেলনে কত মানুষ হয় দেখার জন্য।’
বিএনপির সমাবেশের পাল্টা হিসেবে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে কি না, জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সঙ্গে কিসের পাল্টাপাল্টি। প্রতিদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে। লাখ লাখ লোক দেখবেন? আসেন। ২৯ তারিখ ঢাকা জেলা সম্মেলন করব, সেখানে আসেন।’
‘পদত্যাগ করে সেফ এক্সিট নিন, নতুবা পালানোর পথ খুঁজে পাবে না সরকার’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিটই নেই, তাঁর নিজেরই সেটা দরকার। যেভাবে লাঠিসোঁটা নিয়ে নেমেছেন এবং আবার অগ্নি-সন্ত্রাসের আভাস দিচ্ছেন; এর পরিণাম শুভ হবে না। আমরা এক্সিট করব না, আমরা ফাইটার, ফাইট করব।’
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সেফ এক্সিট নির্বাচন। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও নির্বাচন হবে। যাদের কাছে নালিশ করেন, তাদের দেশে কোথায় তত্ত্বাবধায়ক সরকার আছে? এই ভূত মাথা থেকে নামান।’
সরকারের পালানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কী পালানোর দল? কেন পালাবে? পালিয়েছেন, যিনি আপনাদের মূল নেতা। যিনি টেমস নদীর পার থেকে ফরমাশ দেন। যাঁর নির্দেশে আপনারা চলেন, তিনি তো কাপুরুষের মতো মুচলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। দেশের ফেরার সৎ সাহস পেলেন না।’