প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সংসদ অধিবেশনে
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সংসদ অধিবেশনে

হাম পরীক্ষার কিটের স্বল্পতা কাটাতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

হাম পরীক্ষার কিটের স্বল্পতা থাকার বিষয়টি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকার স্বল্পতা কাটিয়ে উঠতে তৎপর বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদদস্য সালাহ উদ্দিন বলেছিলেন, চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত ইনস্টিটিউটসহ অধিকাংশ প্রতিষ্ঠানে হাম শনাক্তকরণের ব্যবস্থা বন্ধ রয়েছে। এ কারণে হাম শনাক্ত করতে বিভিন্ন ইনস্টিটিউট ও চিকিৎসাকেন্দ্র থেকে নমুনা ঢাকার পাবলিক হেলথ সেন্টারের ন্যাশনাল পোলিও অ্যান্ড রুবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এতে রোগ শনাক্তে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এ অবস্থা উত্তরণে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই মন্তব্য করেন, সংসদ সদস্য যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। তিনি বলেন, ‘টেস্ট করার যে কিটটি, সেটির স্বল্পতা রয়েছে, সঠিক। এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টে আছে। সেগুলো দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হচ্ছে।’

বাংলাদেশ যখন হাম নিয়ন্ত্রণের পথে এগোচ্ছিল, তখন এই বছর এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৩৭ দিনে ৩৮টি শিশুর মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকেই পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে উদাসীনতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন অনেকেই।

ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে

সব রাজনৈতিক দল মিলে একটি স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, সেই স্বৈরাচারের সময় এবং আরও দুঃখজনক ব্যাপার হলো, আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি।’

শিশুমৃত্যুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখজনক, অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। কিন্তু সামনে আমরা চেষ্টা করছি, যাতে আমরা এই পুরো সিচুয়েশনকে ম্যানেজ করতে পারি। সে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।’

ইউনিসেফ টিকা দিয়ে সহায়তা করছে জানিয়ে সরকারপ্রধান বলেন, তারা দ্রুত হামের টিকা পাঠিয়েছে। প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হবে।

সারের আগের ডিলাররা বাদ পড়বেন

আজ প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে চিফ হুইপ নূরুল ইসলাম ফ্লোর নিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের জন্য যেসব ডিলার নিয়োগ করা হয়েছে, তাঁরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না। তাঁরা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। সংসদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যেন নতুন করে ডিলার নিয়োগ করা হয়।

সংসদ সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্য সমর্থন করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিকে স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে পুরো সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।